২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিকিউরিটি কোম্পানির চাকরির নামে ‘প্রতারণা’, গ্রেপ্তার ২

সিকিউরিটি কোম্পানিতে চাকরির কথায় প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সংঘবদ্ধ চক্রের সদস্য বলছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 09:17 PM

Updated : 10 Oct 2022, 07:32 PM

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ এর একটি দল তাদের আটক করে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটকরা হলেন সিলেট নগরীর কোতোয়ালি উপশহরের নিরঞ্জন সরকার (৪৮) ও কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর নলবিলার বিকাশ বড়ুয়া (৪৪)।

তাদের কাছ থেকে সত্তরটি বিজনেস কার্ড, এগারোটি ভর্তি ফরমের প্যাড, চাকরি প্রত্যাশীদের স্বহস্তে পূরণ করা চল্লিশটি ভর্তি ফরম ও একটি আয়-ব্যায়ের রেজিস্টার জব্দ করা হয় এবং চাকরি প্রত্যাশী নয়জনকে উদ্ধার করা হয়।

শুক্রবার র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব গুলশান থানাধীন শাহাজাদপুর এলাকায় ‘সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ অফিসে অভিযান চালিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ‘প্রতারক চক্রের’ দুই সক্রিয় সদস্যকে আটক করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সংঘবদ্ধ ‘প্রতারক চক্র’ দীর্ঘদিন ধরে পত্রিকা, লিফলেট ও অনলাইনে লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছে।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রের হোতা হলেন নিরঞ্জন সরকার এবং তিনি কথিত সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লি. কোম্পানির এমডি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণ-তরুণীদের আকৃষ্ট করেন।

“তারা এই কোম্পানিতে বিভিন্ন পদে লোক নিয়োগের নামে প্রত্যেক চাকরি প্রত্যাশীর কাছ থেকে ভর্তি ফি বাবদ পাঁচ হাজার টাকা ও চাকরিতে যোগদান বাবদ দশ থেকে পনেরো হাজার টাকা করে হাতিয়ে নিত।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে কথিত ‘সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লি.’ নামের প্রতিষ্ঠানে সাধারণ চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের ডেকে ভূয়া নিয়োগপত্র দেখিয়ে মোটা অঙ্কের টাকা নেয়। পরবর্তীতে ঘনঘন অফিস পরিবর্তন করে সটকে পড়ে।

“চাকরি পাওয়ার পর মাসের পর মাস অফিসে আসা যাওয়া করে বেতন না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে টাকা ফেরত চাইলে তাদের ভয়-ভীতি দেখাত, এমনকি মারধরও করত।”

এমন বেশ কয়েকজন ভূক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

তাদের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।