রাজশাহীতে কোটি টাকার সিগারেট জব্দ, ৪ পরিবহন কর্মী গ্রেপ্তার
রাজশাহীতে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের সময় কোটি টাকার নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
নগরীর কুমারপাড়ায় অবস্থিত এসএ পরিবহনের পার্সেল বুকিং অফিসে রোববার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে এ সিগারেট জব্দ করার পাশাপাশি এই পরিবহনের ম্যানেজারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, এসএ পরিবহনের রাজশাহী শাখার ম্যানেজার লিটন চন্দ্র সূত্রধর। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার কুমারঘরিয়া গ্রামে।
অন্যরা হলেন, এসএ পরিবহনের পার্সেল সহকারী সাফিউল আলম, ইউসুফ আলী এবং গাড়িচালক নবাব আলী। সাফিউলের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়ার সয়রাবাড়ী, ইউসুফের নীলফামারী জেলার খলিসাপচা গ্রামে এবং নবাবের রাজশাহী নগরের মেহেরচন্ডী পূর্বপাড়ায়।
“সরবরাহের সময় কাভার্ড ভ্যান ভর্তি গোল্ডলিফ, পাইলট, ডার্বি ও স্টারসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। যার মূল্য এক কোটি ৩৪ লাখ ৬৯ হাজার টাকা।“
এ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ছয়ফুল ইসলাম।
