২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের সাবেক ওসি কামরুলের জামিন নামঞ্জুর

ইয়াবার উদ্ধারের মামলায় নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ওসি কামরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 01:05 AM

Updated : 18 Aug 2022, 04:01 PM

নারায়ণগঞ্জে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত রোববার দুপুরে এই আদেশ দেয় বলে জানিয়েছেন আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন।

তিনি বলেন, গত ২২ অক্টোবর জেলার বন্দর থানার মাদকদ্রব্য আইনের এক মামলায় সদর থানার সাবেক ওসি কামরুল ইসলাম আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তার আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেয়।

২০১৮ সালের ৭ মার্চ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় সদর থানার এএসআই সোহরাওয়ার্দী আলম রুবেলের বাসায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ ৫০ হাজার ইয়াবা ও পাঁচ লাখ টাকাসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বন্দর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে।

পিপি ওয়াজেদ মামলার নথির বরাতে বলেন, ওই ঘটনায় এএসআই সোহরাওয়ার্দী আলম রুবেল ও কনস্টেবল আসাদুজ্জামান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সদর থানার ওসি কামরুল ইসলামের নির্দেশে টাকা ও ইয়াবা রেখে আসামি ছেড়ে দেন তারা। সেই মামলায় নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ওসি কামরুল ইসলাম আটক রয়েছেন।