গাজীপুরে স্কুলে কিশোরীকে ‘ধর্ষণ’, নওগাঁয় গ্রেপ্তার ২
গাজীপুরে একটি কিশোরীকে স্কুলের ভেতর নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠা দুই যুবককে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে এই দুই যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে মেয়েটির মা বাদী হয়ে তাদের যুবকের বিরুদ্ধে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন; দুপুরে নওগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নওগাঁ সদরের রজাকপুর এলাকার নজরুল ইসলাম লিটনের ছেলে সম্রাট হোসেন শান্ত (২০) এবং একই থানার ভবানীপুরের আলীম হোসেন আলেকের ছেলে শাকিল আহম্মেদ (২২)। তারা গাজীপুর নগরীর কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ীর একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি সিরামক কারখানায় চাকরি করেন।
মামলার বরাত দিয়ে মেয়েটির বাবা বলেন, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে আচার বিক্রি করেন এই দুই যুবক। তার স্থানীয় একটি ক্লিনিকে আয়ার কাজ করেন। তাদের মেয়ে সেখানে একটি মাদ্রাসায় হেফজ শাখার ছাত্রী।
ঘটনার বিবরণে তিনি বলেন, বুধবার সকালে মেয়েকে বাসায় একা রেখে তারা স্বামী-স্ত্রী কাজের উদ্দেশ্যে বের হন। দুপুরে তাদের মেয়ে প্রতিবেশী এক শিশুকে খুঁজতে বাসা থেকে বের হলে সম্রাট হোসেন ওরফে শান্ত তাকে ডেকে থামতে বলে। কিন্তু মেয়ে না থেমে দৌড়ে বাসায় ফেরার চেষ্টা করে।
“এ সময় সম্রাট ও শাকিল তাকে ধাওয়া করে ধরে পাশের একটি ব্র্যাক স্কুলে নিয়ে যায়। সেখানে সম্রাট ও শাকিল মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।”
এক পর্যায়ে তার চিৎকারে প্রতিবেশী কয়েকজন নারী তাকে উদ্ধার করে বলে তিনি জানান।
সন্ধ্যায় ওই কিশোরীর মা ও বাবা কর্মস্থল থেকে বাসায় ফিরে ঘটনাটি জানতে পারেন।
বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় সম্রাট হোসেন শান্ত ও শাকিল আহম্মেদকে আসামি করে মামলা দায়ের করেছেন।
কিশোরীর মা বলেন, রাতে বাসায় কাজ শেষে বাড়ি ফিরলে ঘটনাটা জানতে পারেন। সকালে থানায় মামলা করেন।
তিনি ওই যুবকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) জাকির হাসান বলেন, মামলা দায়েরের পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তারে নওগাঁয় অভিযান চালায়। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক বলেন, ভিক্টিমের শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর চূড়ান্ত ফল বলা যাবে।
