২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দালালের প্রতারণায় ভিয়েতনাম ফেরত ৪৭ জন কারামুক্ত

প্রতারণার শিকার হয়ে ভিয়েতনাম গিয়ে ফেরত আসা ৪৭ বাংলাদেশি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 05:13 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

আদালতের আদেশে মঙ্গলবার দুপুরে তাদের মুক্তি দেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।  

এর আগেও একই প্রতারণার শিকার ২১ জনকে কাশিমপুর কারাগার থেকে ছাড়া হয়েছে।

এই বাংলাদেশিরা ভিয়েতনাম গিয়ে আটক হলে বুঝতে পারেন তারা দালালের প্রতারণার শিকার হয়েছেন। সেদেশ থেকে তাদের ফেরত পাঠানোর পর কাশিমপুর কারাগারে ঢোকানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভিয়েতনাম ফেরতদের মধ্যে ২০ জনকে এই কারাগারে পাঠানো হয়। আদালত থেকে তাদের মুক্তির আদেশ আসলে তা যাচাইবাছাই করে মঙ্গলবার দুপুরে ১৯ জনকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, গত ১ সেপ্টেম্বর ভিয়েতনাম ফেরত ৩২ জনকে এই কারাগারে পাঠানো হয়। তাদের মধ্যে ২৭ জনের মুক্তির আদেশ পাওয়া গেছে। আদেশের কপি যাচাইবাছাই করে মঙ্গলবার দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

কাশিমপুর হাইসিকউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, এ কারগার থেকে ভিয়েতনাম ফেরত একজনকে দুপুর ১২টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।

এছাড়া, দুদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে একজনকে এবং গত শনিবার কাশিমপুর হাইসিকউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০ জনকে মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার কারামুক্ত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ছনকান্দার আব্দুর রহমান (২৫) বলেন, ধার-দেনা করে ৩ লাখ ৭০ হাজার টাকা দিয়ে স্থানীয় দালালের মাধ্যমে ভিয়েতনাম গিয়েছিলেন।

“প্রথমে বুঝতে পারিনি। ওই দেশে যাওয়ার পর জানতে পারি আমার কাগজপত্র ঠিক নেই। পরে আমাকে জেলে পাঠানো হয়। তিন মাস পর জানতে পারি আমার মতো অনেকেই ওই দালালের প্রতারণার শিকার হয়েছেন এবং ১০৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

“দেশে ফেরত পাঠালে পুলিশ আমাদের কারাগারে পাঠায়। পরে আদালতের নির্দেশে মঙ্গলবার মুক্তি পেয়েছি।”

তিনি প্রধানমন্ত্রীর কাছে ওই দালালচক্রকে গ্রেপ্তার, শাস্তি এবং আর্থিক সহায়তার আবেদন করেছেন।