২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

সাতক্ষীরার কালিগঞ্জে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2020, 06:39 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

সোহেল গাজী (২০) নামের এই যুবক কালিগঞ্জ উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ওই তরুণীর বাড়ি থেকে সোহেলকে আটক করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোহলে ও এই তরুণীর (১৮) বাড়ি একই গ্রামে। 

ওসি দেলোয়ার হুসেন বলেন, গভীর রাতে ওই তরুণীর বাড়ি গিয়ে যৌন হয়রানিকালে এলাকার লোকজন সোহলেকে ‘হাতেনাতে’ ধরে পুলিশে খবর দেয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী নুর আহমেদ রনি বলেন, এ ঘটনায় ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সোহেল গাজীর বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার বলেন, সোহেল গাজীর কর্মকাণ্ড ছাত্রলীগের ঐতিহ্য ও সুনাম নষ্ট করেছে।