২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিহত’ কিশোরীর জীবিত ফেরা: আরও দুই আসামির জামিন

নারায়ণগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ-হত্যার আদালতে স্বীকারোক্তি দেওয়া আরও দুই আসামিকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2020, 11:38 PM

Updated : 18 Aug 2022, 03:44 PM

ঘটনা ৫১ দিন পর সেই কিশোরী জীবিত ফেরায় সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালত তাদের জামিন দেন।

তারা হলেন আব্দুল্লাহ্ ও রকিব। এর আগে এ মামলার অপর আসামি নৌকার মাঝি খলিলুর রহমান জামিন পেয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী বলেন, আদালত ওই দুই আসামির জামিন মঞ্জুর করেছে। পুলিশের প্রতিবেদন দাখিলের জন্য আদালত আব্দুল্লাহ্ ও রকিবের জামিন মঞ্জুর করে।

গত ৪ জুলাই শহরের দেওভোগ এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ১৫ বছর বয়সী এই কিশোরী। এ ঘটনায় তার পরিবার মামলা করলে পুলিশ আব্দল্লাহ, রকিব ও খলিলকে গ্রেপ্তার করে।

তারা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়ে বলেন, ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিয়েছে। তবে ঘটনার ৫১ দিন পর ওই কিশোরী তার মায়ের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ সোর্পদ করা হয় তাকে।

এরপর ওই তিন আসামির পরিবার পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অভিযোগ তোলে। এতে  মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীমকে প্রত্যাহার করা হয়।

এ ঘটনায় জেলা পুলিশ সুপার পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি শামীমের বিরুদ্ধে অসদাচরণ ও অস্বচ্ছতার অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করা হয়।