ফেরি বন্ধ: শিমুলিয়ায় ভিড় বেড়েছে লঞ্চ-স্পিডবোটে
নাব্য সঙ্কটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পঞ্চম দিনের মত ফেরি চলাচল বন্ধ থাকায় লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের ভিড় বেড়েছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের এজিএম মো. সফিকুল ইসলাম জানান, সোমবারও ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ।
অনেকে গাড়িসহ ঘাটে এসে ফিরে যাচ্ছেন; অনেকে আবার গাড়ি রেখেই লঞ্চে বা স্পিডবোটে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন।
গত ২৯ অগাস্ট থেকে এ রুটে রাতে ফেরি বন্ধ এবং দিনে সীমিত আকারে ফেরি চলছিল। এরপর ৩০ অগাস্ট লৌহজং টার্নিং চ্যানেল ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে চ্যানেলের মুখে একটি ফেরি আটকে গেলে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধের নির্দেশ দেয়।
সফিকুল বলেন, “আটকা পড়া পণ্যবাহী ট্রাকগুলোও অর্থের অভাবে পাটুরিয়া যেতে পারছে না। দিনের পর দিন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে চালক ও তাদের সহযোগীরা।”
এদিকে নাব্য সঙ্কট নাব্যতা নিরসনে বিআইডব্লিউটি’র ৯টি ও পদ্মা সেতুর উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ চলছে বলে বিআইডব্লিউটি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মো. ছাইদুর রহমান জানান।
বিআইডব্লিউটিসি’র মহাব্যবস্থাপক মো. আতিকুজ্জামান বলেন, চ্যানেল চলাচল উপযোগী না থাকায় ফেরি চলতে পারছে না। এতে রাজস্ব ক্ষতি ছাড়াও দুর্ভোগ বাড়ছে।
মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান জানন, ফেরি বন্ধ থাকায় ব্যবসা-ব্যাণিজ্যে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে।
