২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নিজ বাসায় পোশাককর্মীর হাত-পা বাঁধা লাশ

গাজীপুর নগরীতে একটি বহুতল ভবন থেকে এক পোশাককর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 05:47 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় মঙ্গলবার মধ্যরাতে তার মরদেহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত আশিকুল হক শরীফ (৩১) জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ওই ভবনের ১৭ নম্বর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

কাশিমপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত শরীফ পাঁচ তলা ভবনের ১৭ নম্বর বাসায় একাই ভাড়া থাকতেন এবং জিএমএস নামের নিটিং কারখানায় ‘টেকনিক্যাল অপারেটর’ পদে চাকরি করতেন।

“মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাশের কক্ষের একজন শরীফের কক্ষের ফ্রিজে মাংস রাখতে গিয়ে বাইরে থেকে দরজার ছিটকিনি আটকানো দেখতে পান। ছিটকিনি খুলে ঘরের ভেতরে ঢুকতেই তিনি খাটের উপর কাঁথায় ঢাকা শরীফের হাত-পা বাঁধা লাশ দেখতে পান।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, কাপড় দিয়ে তার মুখ এবং গামছা দিয়ে দুই হাত ও দুই পা বাঁধা ছিল। গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত রয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা ওই যুবককে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তার ঘরে থাকা একটি এলইডি টিভি ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি বলে ওসি জানান।

এ ব্যাপারে নিহতের ভাই আনোয়ারুল হক আজাদ বুধবার বিকালে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।