২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঈদে ট্রেন বাড়ানো হচ্ছে না: রেলমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ঈদ উপলক্ষে এবার ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2020, 05:05 PM

Updated : 10 Oct 2022, 07:17 PM

শনিবার দুপুরে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

এবার প্রত্যেককে তার কর্মস্থল এলাকায় ঈদ উদযাপন করতে সরকারিভাবে আহ্বান জানানোর প্রসঙ্গে টেনে রেলমন্ত্রী বলেন,  “এ কারণে এবার ঈদে ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে না। এখন যেভাবে চলছে, ঈদেও সেভাবেই ট্রেন চলবে।”

প্রতিবছরই ঈদের সময় গ্রামমুখী মানুষদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন রুটে নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন সার্ভিসও চালু করা হয়ে থাকে।

রেলওয়ের জন্য শিল্পনগরী গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের গুরুত্বের কথাও তুলে ধরেন এই মন্ত্রী।

তিনি বলেন, এখান থেকে এত লোক ট্রেনে চলাচল করে যে তার গুরুত্ব অনুভব করেই ভবিষ্যতে গাজীপুরে আলাদা ট্রেন দিতে পারি।

গাজীপুর ও ঢাকার মধ্যে প্রতিদিন ছয় থেকে সাতটি ট্রেন পরিচালনার পরিকল্পনা নিয়ে তার মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।