বাগেরহাটে মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত
বাগেরহাটে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বুধবার সকালে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সদর উপজেলার শ্রীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ ইব্রাহিম (৪৫) বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট গ্রামের শেখ সাদেক আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়দের বরাতে বাগেরহাট মডেল থানার এসআই চন্দ্র শেখর রায় বলেন, ইব্রাহিম মোটর সাইকেলে করে বাড়ি থেকে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভ্যানের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমূখি সংঘর্ষ হয়।
“পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়।”
