২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ফেনীতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 09:50 AM

Updated : 18 Aug 2022, 03:12 PM

৪৫ বছর বয়সূ ওই মাদ্রাসা শিক্ষক রোববার গভীররাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামে নিজ বাড়িতে মারা যান্।  

তিনি সোনাগাজী উপজেলার ধলিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরমান বিন আবদুল্লাহ বলেন, জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে সম্প্রতি ওই ব্যক্তি ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে।

“হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১১ জুন পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে যায়।পরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।”

আরমান বলেন, মারা যাওয়া ব্যক্তির লাশ বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে। তার বাড়ির আরও ৫ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই বাড়িটি লকডাউনের আওতায় ছিল।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফেনীতে রোববার রাত পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন সোনাগাজী উপজেলার, দুই জন ফেনী সদর ও দাগনভূইয়া উপজেলার এবং একজন ছাগলনাইয়া উপজেলার। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও দুই নারী। এদের মধ্যে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, গৃহিনী ও বৃদ্ধ ব্যক্তি রয়েছেন।

ফেনীতে গত ১৬ এপ্রিল প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।