২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই মাস পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

করোনাভাইরাস মহামারীর কারণে টানা ৭৫ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 07:30 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

ভারত থেকে জিরা বোঝাই একটি ট্রাক সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

আমদানি-রপ্তানি শুরুর পর বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্টসসহ ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দিন ৪০টি ট্রাক আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

“পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, জিরা, বাদাম, ধানের বীজ এবং ইসুবগুলের ভুষি। এছাড়াও ছয় ট্রাক রাইস ব্র্যান্ড অয়েল রপ্তানি হয়েছে।”

মঙ্গলবারও যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর স্বাস্থ্যবিধি মেনে এই বাণিজ্য কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।  

করোনাভাইরাস সংক্রমণ মহামারীর কারণে গত ২৫ মার্চ থেকে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।