২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ফেনীতে আরও ১৬ আক্রান্ত, জেলায় ২৬৪

ফেনীতে পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৬৪।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 05:40 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

রোববার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এ ফল পাওয়া যায় বলে সিভিল সার্জন সাজ্জাদ হোসেন জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত হয়েছে ১৬ জন। এদের মধ্যে দাগনভূইয়ার দুইজন স্বাস্থ্যকর্মীসহ আট জন, সোনাগাজীর এক পুলিশ কর্মকর্তাসহ সাত জন ও পরশুরামে একজন রয়েছেন। শনাক্ত ১৬ জনের মধ্যে পুরুষ ১২ ও মহিলা চারজন।

শনিবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৮টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়; প্রতিবেদন এসেছে ৭৩টির, জানান সিভিল সার্জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, সোনাগাজীতে আক্রান্ত পুলিশ কর্মকর্তা সোনাগাজী মডেল থানায় কর্মরত। অপর আক্রান্তদের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য। তারা পৌর শহরের তুলাতুলি এলাকার বাসিন্দা। এছাড়া সাতবারিয়া, চরসাহাভিকারীতে একজন করে আছেন।

দাগনভূঞা উপজেলায় আটজনের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া পৌরসভায় দুই জন, পূর্বচন্দ্রপুর, ইয়াকুবপুর, রামনগর, সিন্দুরপুরে একজন করে রয়েছেন। এছাড়া পরশুরাম উপজেলায় এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়; তার বাড়ি পৌরসভার উত্তর গুথুমায়।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সরফুদ্দিন আহমেদ জানান, শনিবার পর্যন্ত জেলায় দুই হাজার ৩৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগার জন্য নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

এদের মধ্যে এক হাজার ৯৩৫ জনের প্রতিবেদন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, ব্যাংকার, প্রকৌশলীসহ ২৬৪ জনের পজিটিভ রিপোর্ট পেয়েছে। এর মধ্যে সাত জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৬৮ জন। আক্রান্ত সাতজনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আক্রান্তরা ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখনও নমুনা প্রতিবেদনের ফল অপেক্ষমান রয়েছে ৪১১ জন।

করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদরের ৯২ জন, দাগভূঞায় ৮৫ জন, ছাগলনাইয়ায় ২৭ জন, সোনাগাজীতে ৩৬ জন, ফুলগাজীতে ১০ জন ও পরশুরামে নয়জন রয়েছেন। অপর পাঁচজন চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা। ফেনী জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা দিয়ে তারা আক্রান্ত হওয়ার প্রতিবেদন পেয়েছেন।

সুস্থ হওয়া ৬৮ জনের মধ্যে সদরে ২৫ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় ১০ জন, সোনাগাজীতে আটজন, পরশুরামে সাতজন ও ফুলগাজীতে পাঁচজন রয়েছেন।