২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলায় মামলা

গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2020, 12:18 AM

Updated : 18 Aug 2022, 03:02 PM

সোমবার জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি জাহিদ খন্দকার বাদী হয়ে এ মামলা করেন।

আসামিরা হলেন সাঘাটা উপজেলার মথরপাড়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইমরান হোসেন (৩৫), মাদরাসার সুপার শহিদুল ইসলাম (৫৫), সভাপতি ইমরানের ভাই রেজাউল করিম (৪০), রেজাউল করিমের দুই ছেলে রুবেল হোসাইন (২২) ও সজীব হোসাইন (২৫)।

সাঘাটা থানার ওসি বেলাল হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। আসামীদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি জাহিদ খন্দকার জানান, গত শনিবার বিকালে তিনি ও স্থানীয় সাংবাদিক একরামুল হক সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামে সংবাদ সংক্রান্ত কাজ শেষে ফেরার পথে তাদেরকে আসামিরা আটক করেন। পরে তাদেরকে মারপিট করে দুইটি ক্যামেরা ছিনিয়ে নেন।

এক পর্যায়ে তাদেরকে একটি ঘরের ভেতরে নিয়ে দেশীয় অস্ত্র রামদার ভয় দেখিয়ে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা রক্ষা পান বলে জানান তিনি।

তিনি আরও জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি গাইবান্ধার সাঘাটায় এমপিওভুক্ত মথরপাড়া দাখিল মাদরাসার ‘৩৮ জন ছাত্রের ১১ জন শিক্ষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরেই তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।