কিশোরগঞ্জের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার মসূয়া ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কটিয়াদি থানার ওসি আব্দুল জলিল জানান।
নিহত গৃহবধূ (৪৭) ওই গ্রামের বাসিন্দা; তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা পুলিশ বলতে পারেনি।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি জানিয়েছেন।
পরিবারের বরাত দিয়ে ওসি আব্দুল জলিল জানান, ভোরে সেহেরি খেয়ে নামাজ শেষ করে ঘুমাতে যাওয়ার পর স্বামী ধারালো দা নিয়ে ওই নারীর ওপর হামলা চালিয়ে হাত, পা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় ছোট মেয়ে চিৎকার করে তার বাবাকে আটকাতে গেলে তাকেও আহত করা হয় বলে ওসি জানান।
ওসি জানান, এলাকাবাসী বিষয়টি জানতে পেরে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত গৃহবধূর লাশ কটিয়াদী থানায় নিয়ে আসে।
ঘটনার পরপরই নিহত গৃহবধূর স্বামী পালিয়ে যায়; পরে পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার দিগাম্বরদী গ্রাম থেকে তাকে আটক করে বলে ওসি জানান।
