২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘বন্দুকসহ’ ইউপি সদস্য আটক

পাবনার চাটমোহর উপজেলায় ‘বন্দুক ও গুলিসহ’ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে র‌্যাব।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 01:03 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

র‌্যাব ১২-এর পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান,  শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তারা তাকে আটক করেন।

আটক সাখাওয়াত হোসেন (৪১) চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য। ইউনিয়নের খতবাড়ি গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে তিনি।

র‌্যাব কর্মকর্তা আমিনুল বলেন, “গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল খতবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সাখাওয়াতকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

“সাখাওয়াত দীর্ঘ দিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধকর্মে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”

তার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।