ঈদ: দোকানপাট কোথাও খোলা কোথাও বন্ধ
করোনাভাইরাসের মহামারীতে সংক্রমণ ঝুঁকির মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলায় জেলায় ব্যবসায়ীরা দোকানপাট, শপিংমল বন্ধ কিংবা খোলা রাখা নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছেন।
কেউ দোকানপাট খোলার পক্ষে থাকলেও কেউ কেউ রয়েছেন না খোলার পক্ষে।
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে অবরুদ্ধ অবস্থায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর আসন্ন ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষ সীমিত পরিসরে দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদে কয়েকটি জেলার মধ্যে চারটিতে ব্যবসায়য়ীরা বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন।
রাজশাহীতে ঈদের আগে খুলছে না মার্কেট
রাজশাহীর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল মার্কেট ও দোকান-পাট বন্ধ থাকবে।
শনিবার রাজশাহী চেম্বার অব কমার্স এবং ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাতে নগর ভবনে আয়োজিত সভায় সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনিসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, “রাজশাহীকে ভালো রাখতে যা কিছু করা প্রয়োজন, তার সাথেই চেম্বারের সবাই একমত। আমরা রাজশাহীকে ভাল রাখতে চাই। এজন্য মার্কেট বন্ধ রাখতে সিদ্ধান্ত হয়েছে। কারণ স্বাস্থ্যবিধি মেনে এত বড় মার্কেটগুলো চালানো সম্ভব না।”
রাজশাহীর আরডিএ মার্কেটের ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, “দোকান বন্ধের এই সিদ্ধান্ত রাতে হয়েছে। এখন আমরা ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তাবায়ন করব।”
করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জামালপুর জেলার সকল মার্কেটসহ অন্যান্য দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি।
দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার কার্যালয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মতিউর রহমান।
একই সঙ্গে জামালপুর জেলায় লকডাউন অব্যাহত রাখা এবং দোকান মালিকদের সরকারি প্রণোদনা দেওয়ারও দাবি জানান দোকান মালিক সমিতি নেতারা।
গোপালগঞ্জে ঈদের আগে মার্কেট খুলছে না
গোপালগঞ্জ শহরের সব বিপনী বিতান ও মার্কেট ঈদের আগে খোলা হচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন ব্যবাসায়ী সমিতির সঙ্গে প্রশাসনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান।
তবে ব্যাসায়ীরা অনলাইনে কেনাবেচা করতে পারবেন বলে সভায় জানানো হয়।
জেলা প্রশাসক জানান, ১০ মে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে দেশের সব মার্কেট খোলা রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি গোপালগঞ্জের মার্কেট খুলে প্রতিপালন করা সম্ভব নয় বলে সভায় ব্যাসায়ীরা মত দিয়েছেন।
“করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দোকান খুলে দিলে সংক্রমণের আশঙ্কা থাকছে। তাই মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকছে বলে তিনি জানান।
ফেনীতে ঈদ পর্যন্ত বন্ধ থাকবে শপিংমল
ফেনীতে ঈদুল ফিতর পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফেনী শহর ব্যবসায়ী সমিতি।
শনিবার দুপুরে ব্যবসায়ী সমিতি এক জরুরি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেন।
এই সময় ফেনী শহর ব্যবসায়ী সমিতির ১৮টি সংগঠনে নেতৃবৃন্দ ও ফেনী চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী জানান, ফেনী শহর ব্যবসায়ী সমিতি ও ফেনী চেম্বার অব কমার্সের মতানুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যারা নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আসন্ন ঈদকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের শর্তাবলী মেনেই সীমিত আকারে দোকানপাট খুলতে চান ফরিদপুরের ব্যবসায়ীরা।
শনিবার ফরিদপুরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতৃবৃন্দের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফরিদপুরের বিভিন্ন ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও শপিং মলের পরিচালকেরা এতে অংশ নেন।
ফরিদপুরের চকবাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক জনি সাদ্দাম বলেন, “দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় আমরা কর্মচারীদের ধরে রাখতে পারছি না। দুই মাস তাদের বসিয়ে বেতন দিচ্ছি। এর বাইরেও আরো অনেক খরচ রয়েছে। এখন দোকানপাট বন্ধ রাখলে আমাদের ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে। আমরা ডালভাত খেয়ে বাঁচতে চাই।”
ফরিদপুরের নকশীকাঁথা বিপনী বিতানের পরিচালক ফরিদা পারভীন বলেন, “দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেলসম্যানেরা অন্য পেশায় চলে যাচ্ছে। যদি আরও বেশিদিন এমন চলে তাহলে আমরা হয়তো একটা সময় দোকান শ্রমিক সংকটেও পড়ে যাব। আমরা স্বাস্থ্যবিধি মেনেই দোকানপাট খুলতে চাই।”
ফরিদপুরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ঈদের আগে দোকানপাট খুলতে ব্যবসায়ীদের সকলেই একমত হয়েছেন। অন্যথায় তারা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বাগেরহাটে দোকানপাট খোলার সিদ্ধান্ত
বাগেরহাটে রোববার থেকে ১০ মে জেলার সব দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ব্যবসায়িদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সকল শর্ত মেনে জেলার সকল দোকানপাট ১০ মে থেকে খুলে দেওয়া হচ্ছে। এখানকার দোকান মালিকদের সরকারের দেওয়া শর্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।
বাগেরহাট শিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন বলেন, সরকারের দেওয়া সব শর্ত মেনে এখানকার ব্যবসায়ীরা বেচাকেনা করবেন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের দোকান বাদে দীর্ঘ দেড় মাস জেলার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে ছোট বড় সব ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। স্বাস্থ্যবিধি মেনে এই ব্যবসায়ীরা কেনাবেচা করে যদি কিছু ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। তবে সরকারের দেওয়া শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে।
