২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার সাবেক এমপি ওয়ালিউর রহমান রেজা মারা গেছেন

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান রেজা মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 08:58 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

মৃতের ভাই ওয়াজিউর রহমান রাছেল জানান, শনিবার ভোর ৪টায় ঢাকার মোহাম্মাদি হাউজিং কমপ্লেক্সের নিজ বাসায় ৮১ বছর বয়সে ওয়ালিউর মারা যান।বিকালে গাইবান্ধা শহরের গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ওয়াজিউর রহমান রাছেল জানান, ওয়ালিউর রহমান ছাত্র ইউনিয়নের রাজনীতির মধ্য দিয়ে ছাত্র জীবনে রাজনীতি শুরু করেন। পরে তিনি রংপুর কারমাইকেল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগে যোগদান করেন এবং বঙ্গবন্ধুর ছয়দফা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন।

তার সমসাময়িক স্থানীয় রাজনৈতিক কর্মীরা জানান, ১৯৭০ সালে গাইবান্ধা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে গাইবান্ধার অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারীদের অন্যতম সংসদ সদস্য ছিলেন ওয়ালিউর রহমান। পরবর্তীতে ১৯৭৩ সালে সাঘাটা-ফুলছড়ি আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

ওয়ালিউর রহমান রেজা রাজনীতির পাশাপাশি তৎকালীন দৈনিক ইত্তেফাকের গাইবান্ধা মহুকুমার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় এবং গাইবান্ধা প্রেসক্লাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।