নেত্রকোণায় সংঘর্ষে প্রাণ গেল তরুণের
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নেত্রকোণার দুর্গাপুরে এক তরুণের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
নিহত হাকিম খাঁ (১৮) উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সাংসাইন গ্রামের নাজিম খাঁ’র ছেলে।
প্রতিকী ছবি
দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, “জমি নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার গোপীনাথপুর গ্রামের আজিম খাঁ’র সঙ্গে নাজিম খাঁ’র বিরোধ চলছিল। রোববার বিকালে নাজিমের ছেলে হাকিম লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে গেলে আজিম ও তার লোকজন তাদের বাধা দেয়।
“এক পর্যায়ে উভয়পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে এতে কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
