কক্সবাজারে করোনাভাইরাসে ‘প্রথম’ মৃত্যু
কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; এ রোগে এটিই সরকারি হিসাবে জেলার প্রথম কোনো মৃত্যুর খবর।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বলে জানান কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবর রহমান।
৬৫ বছর বয়সী মৃতের বাড়ি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপের বাসিন্দা ছিলেন।
মাহবুবর রহমান বলেন, “করোনার উপসর্গ নিয়ে রামুর পূর্ব কাউয়ারখোপের ৬৫ বছর বয়স্ক এক নারী গত মঙ্গলবার দুপুরে কক্সবাজারের হাসপাতালে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়।
বুধবার ওই নারীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে ‘পজিটিভ’ পাওয়া যায়।
মৃত্যু হওয়া ওই নারীর লাশ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, “নারীর মৃত্যুর বিষয়টি করোনা সঙ্কটে গঠিত জেলা লাশ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করা হয়েছে।”
রামুর ইউএনও প্রণয় চাকমা বলেন, “করোনা আক্রান্ত নারীর মৃত্যুর বিষয়টি শোনার পর সরকারি নির্দেশনা মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
