স্বাস্থ্যকর্মী আক্রান্ত, পবা স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ
এক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ করা হয়েছে।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বুধবার এ আদেশ জারি করেন।
৫০ বছর বয়সী ওই স্বাস্থ্যকর্মী পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের দায়িত্ব পালন করছেন। তিনি পরিবারের চার সদস্যের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে লকডাউন করা হয়েছে। সেখানে নয়টি পরিবার রয়েছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম সাতদিন বন্ধ করে চিকিৎসক, নার্স ও সহকারীসহ ৩১ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।”
এই সাতদিনের মধ্যে সবার নমুনা পরীক্ষা ও হাসপাতালে জীবানুনাশক স্প্রে করে জীবানুমুক্ত করা হবে বলে জানান তিনি।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচলক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, “রাজশাহী থেকে বেশ কিছু নমুনা গত ২২ এপ্রিল
ঢাকায় পাঠানো হয়েছিল। সেগুলো মঙ্গলবার পরীক্ষা করা হয়। সেখানে রাজশাহীর চারজনের নমুনায় পজেটিভ এসেছে। এর মধ্যে একজন স্বাস্থ্যকর্মী। তবে তার আক্রান্ত হওয়ার উৎস এখনও জানা যায়নি।”
নতুন আক্রান্তদের মধ্যে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার তসোপাড়া গ্রামের একজন (২৮), ওই উপজেলার হরিদাগাছি গ্রামের একজন (২৫) ও তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের হাপানিয়া দোগাছী গ্রামের (২০) একজন
রয়েছেন।
গোপেন্দ্র বলেন, মোহনপুরের আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার পদে কর্মরত। গত ১১ এপ্রিল তিনি বাড়ি ফিরেন। তিনিসহ তার পরিবারের তিন সদস্য বর্তমানে অসুস্থ্ বলে জানা গেছে। হরিদাছি গ্রামের আক্রান্ত যুবক গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। গত ৬ এপ্রিল তিনি বাড়ি ফেরেন। আর তানোরের ওই ব্যক্তি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। গত ২২ এপ্রিল ভারত থেকে ফিরে তিনি অসুস্থ্ হয়ে পড়েন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়।
গত ১২ এপ্রিল রাজশাহীতে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়।
