২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বর মাপার পর নওগাঁয় ধান কাটতে যাচ্ছেন ক্ষেতমজুররা

করোনাভাইরাস সংক্রমণ রোধে নওগাঁয় ধানকাটতে আসা মজুরদের জ্বর মাপার ব্যবস্থা করেছে প্রশাসন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 06:55 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

নওগাঁয় পুলিশের সহযোগিতায় ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, পাবনা, লালমনিরহাটসহ বিভিন্ন জেলার প্রায় নয় হাজার শ্রমিক আনা হয়েছে। তাদের জ্বরসহ স্বাস্থ্য পরীক্ষা শেষে উপজেলাগুলোয় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হারুনুর রশিদ।

মঙ্গলবার সকালে নওগাঁ সদরের কিসমত কসবা প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ৩২ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করে তাদেরকে ধান কাটতে পাঠানো হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মফিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ জানান, গত রোববার পর্যন্ত জেলায় বিভিন্ন জেলা থেকে ছয় হাজার ৯৫০ জন শ্রমিক এসেছেন।

“এছাড়া আরো শ্রমিক নিয়ে আসতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আমাদের ৫৫টি হারভেস্টার মেশিন দিয়েও ধান কাটা শুরু হয়েছে।”

জেলায় ধান কাটা মাড়াইয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে জেলা প্রশাসক বলেন, খুব দ্রুতই বাইরের জেলা থেকে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক নিয়ে আসা হবে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম জানান, এ জেলায় এ বছর এক লাখ ৮৩ হাজার হেক্টর জমিতে ইনি বোরো চাষ করা হয়েছে। এতে ধান উৎপাদন হবে ১১ লাখ মেট্রিক টন।

“এসব ধান কাটা মাড়াইয়ে প্রয়োজন প্রায় ৭০ হাজার শ্রমিক। আমরা স্থানীয় শ্রমিকদের ধান কাটার জন্য উৎসাহিত করছি। তাছাড়া মেশিন দিয়েও ধান কাটা হচ্ছে। প্রয়োজনে জেলার বাইরে থেকে শ্রমিক আনা হবে।”

ইতোমধ্যে জেলার রানীনগর, আত্রাই, নিয়ামতপুর ও নওগাঁ সদর উপজেলায় ধান কাটা ও মাড়াই শুরু হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আগামী সপ্তাহ থেকে জেলায় পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু হবে।”

এ পর্যন্ত উৎপাদিত ধানের দুই শতাংশ ধান কাটা হয়েছে বলেও জানান এ কৃষি কর্মকর্তা।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দেওয়া ১৮০টি ননটাচ থার্মোমিটার দিয়ে মজুরদের জ্বর মেপে এবং স্বাস্থ্যের পরীক্ষা শেষে মজুরদের থাকার আলাদা জায়গা এবং খাবারের ব্যবস্থা করার পর বিভিন্ন উপজেলায় ধান কাটতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।