২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ঝড়ে গাছ পড়ে একজনের মৃত্যু

শরীয়তপুরে বৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে; লণ্ডভণ্ড হয়েছে অনেক ঘরবাড়ি, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 01:22 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

বৃহস্পতিবার রাতে নড়িয়া উপজেলার ভুমখাড়া, জপসা, নড়িয়া পৌরসভা এবং জাজিরা উপজেলার রড়কান্দি, বিলাশপুর ও কুণ্ডেরচর গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

নিহত জহির আকন ওরফে জহু আকনের (৫০) বাড়ি নড়িয়ার জপসা ইউনিয়নের জাগির খাঁ কান্দি গ্রামে।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, “আধা ঘণ্টার কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে জহির নামে এক ব্যক্তি নিহত হন।”

এ ছাড়াও নড়িয়া পৌর এলাকায় গাছ পড়ে ৭/৮টি ঘরবাড়ি, ভুমখাড়া ইউনিয়নে ৬/৭টি ঘরবাড়ি, জপসা ইউনিয়নে জাগির খা কান্দি গ্রামে ৪/৫টি কাঁচা ঘরবাড়ি ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে মীর্জা হজরত আলী হাইস্কুলসহ আশেপাশের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধবস্ত হয় বলে জানান তিনি।

এছাড়া ঝড়ে পাকা ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীরা জানান।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তি রুপা রায় বলেন, “কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ এবং নিহত ব্যক্তির দাফনের জন্য সহায়তা দেওয়া হবে।”

জাজিরা উপজেলার মীর্জ হজরত আলী হাইস্কুলের প্রতিষ্ঠাতা মীর্জা হজরত আলী সাইজী বলেন, “বৈশাখী ঝড়ে হাইস্কুলের একটি অংশ লণ্ডভণ্ড করে  হয়ে গেছে। এতে স্কুল খোলার পর ক্লাস চালু করতে অনেক বেগ পেতে হবে। কারণ এখন কোন শ্রমিক ও মিস্ত্রি পাওয়া যাবে না।”

এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহদুল ইসলাম বলেন, “কালবৈশাখী ঝড়ে বিলাসপুর ও কুণ্ডেরচর এলাকায় কয়েকটি ঘরবাড়ি বিধবস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় জরিপ করে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করব।”