২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস খোলা রাখায় জরিমানা গাজীপুরে

করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞার মধ্যে গাজীপুরে পোশাক কারখানা চালু রাখায় দুই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 07:05 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

কারাখানাগুলো হচ্ছে- শহরের কোনাবাড়ি এলাকার ‘মেডিটেক্স লিমিটেড’ ও ‘রেজাউল অ্যাপারেলস লিমিটেড’।

বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারীর মধ্যে দেশে ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছু বন্ধ রয়েছে। এরমধ্যে পোশাক কারখানাও বন্ধের আওতায় রয়েছে।

সরকারের ছুটি ঘোষণার মধ্যে এক সময় কিছু পোশাক কারখানা শ্রমিক-কর্মচারীদের কাজে যোগ দিতে বললে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে শ্রমিক নানা ভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর আসেন কাজে যোগ দিতে। কিন্তু পরে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মধ্যে পোশাক প্রস্তুতকারীদের সংগঠন বিজিএমইএ-এর সিদ্ধান্তে তারা আবার ফিরে যান এবং কারখানা বন্ধ থাকে।   

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “করোনাভাইরাস সংক্রমণ রোধে গাজীপুরে লকডাউন চলাকালে সকল নিয়ম-কানুন উপেক্ষা করে ওই দুই কারখানা চলছিল। তাই মেডিটেক্সের মালিককে ৩০ হাজার টাকা ও রেজাউল অ্যাপারেলসের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও পরে তা আদায় করা হয়েছে। ”

এ সময় সেনাবাহিনীর একটি টহল দল ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।