২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নার্সকে ‘মেরে নাক ফাটালেন মৃতের স্বজনরা’

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসায় অবহেলায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ তুলে তার স্বজনরা এক নার্সকে মেরে নাক ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 01:48 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

এছাড়া আরও দুই চিকিৎসাকর্মীকে মারধরের পাশাপাশি নার্সদের কক্ষ ভাংচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক কে এম হুমায়ুন কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার বিকেল ৫টার দিকে জেলা শহরের বণিকপট্টি এলাকার নমিতা রানী পাল নামে সত্তরোর্ধ এক নারীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনেন তার স্বজনরা। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। কিন্তু তারা খুলনায় না গিয়ে এখানে চিকিৎসা দেওয়ার জন্য বলেন।

“আমরা তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া শুরু করি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর রোগীর সঙ্গে আসা লোকজন নার্স ও আয়াদের মারধর করেন। তারা নার্সদের একটি কক্ষ ভাংচুর করে চলে যান। তাদের মারধরে একজন জ্যেষ্ঠ স্টাফ নার্সের নাক ফেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার।”

আহত নার্সের বয়স ৫৫ বছর। আহত দুই আয়ার বয়স ৩৭ ও ৩৯ বছর। তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির।

বিষয়টি পুলিশকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাগেরহাট থানার ওসি মো. মাহাতাব উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে ঘটনা জানানোর পর পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনও মামলা করেনি।