কোভিড-১৯: ঝিনাইগাতীতে সুস্থ হলেন আরও ২ জন
শেরপুরে নতুন করোনাভাইরাস আক্রান্ত আরও দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রোববার দুপুরে তাদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন জানান।
এদের একজন ৩০ বছর এবং একজন ৪০ বছর বয়সী।
এই নিয়ে জেলায় নতুন করোনাভাইরাস আক্রান্ত পাঁচ জন সুস্থ হয়েছেন বলে চিকিৎসকরা জানান।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাজেদুর রহমান বলেন, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে গত ৮ এপ্রিল এক অ্যাম্বুলেন্স চালকের (৩০) নমুনা সংগ্রহ করা হয়। ৯ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজে পরীক্ষায় তার কোভিড-১৯ শনাক্ত হয়।
অপরজন নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের যুবক (৪০)। তিনি নারায়ণগঞ্জে রঙের কাজ করতেন বলে মাজেদুর রহমান জানান।
মাজেদুর রহমান বলেন, এই যুবক গত ২২ মার্চ নারায়ণগঞ্জ থেকে বাড়ি এলে কিছুদিন পর তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। ৯ এপ্রিল তার বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। ১১ এপ্রিল করোনাভাইরাস পরীক্ষায় তার দেহে কোভিড-১৯ শনাক্ত হয়।
এই দুই যুবকই ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ছিলেন বলে মাজেদুর রহমান জানান।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পাওয়ার পর ওই দুই যুবক সাংবাদিকদের বলেন, আক্রান্ত হলেও তারা মনোবল হারাননি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন। চিকিৎসকেরাও সব সময় তদের খোঁজখবর নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, পরপর দুইটি পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় ওই দই যুবককে রোববার সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে।
“এছাড়াও আরও দুই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। নিয়মমাফিক পরীক্ষায় নেগেটিভ এলে তাদেরও ছাড়পত্র দেওয়া হবে।”
জেলায় এ পর্যন্ত নতুন করোনাভাইরাস আক্রান্ত পাঁচজন সুস্থ হয়েছেন বলেও তিনি জানান।
