মানিকগঞ্জে আরও একজন আক্রান্ত, জেলায় ৬
মানিকগঞ্জে আরও একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় এ রোগে আক্রান্তের সংখ্যা ছয়জনে দাঁড়াল।
রোববার সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ ওই ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর জানান।
আমিন বলেন, “মানিকগঞ্জ সদর উপজেলার গোপালপুর ভাদুটিয়া গ্রামের ওই ব্যক্তি তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয়জনে দাঁড়াল।”
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ওই ব্যক্তি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার ঢাকায় আইইডিসিআরে গিয়ে তিনি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করলে সংক্রমণ ধরা পড়ে।”
এরপর ভাদুটিয়া গ্রাম এবং পৌর এলাকার বকজুরী গ্রামের যে চিকিৎসক ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন তার বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে জানান ইউএনও।
