২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ১৮ বস্তা চাল উদ্ধার, ডিলারসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধায় অবৈধভাবে বিক্রির জন্য পাচারের সময় ১০ টাকা কেজি দরের ১৮ বস্তা চাল উদ্ধার হয়েছে এবং এ ঘটনায় ডিলারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রয়টার্স

গাইবান্ধা প্রতিনিধি

রয়টার্স

Published : 17 Apr 2020, 12:31 AM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কোগাড়িয়া থেকে এসব চাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বৈরাগীহাট এলাকার ওএমএস ডিলার জাহিদুল ইসলাম (৪২), কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের ইবা শেখের ছেলে ব্যাটারিচালিত অটোভ্যান চালক জাহিদুল ইসলাম (৪৫), সাপামারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে এবং একই ইউনিয়নের কোগাড়িয়া গ্রামের দুদু মিয়ার ছেলে ভুট্টু মিয়া (৩০)।

গোবিন্দগঞ্জের বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিলন চ্যাটার্জী জানান, ওএমএস ডিলার জাহিদুলের বৈরাগীহাটের গুদাম থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে এই ১৮ বস্তা চাল বিক্রির জন্য সাপমারায় নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় সন্দেহ হলে চালসহ অটোভ্যান চালক জাহিদুল ইসলামকে (৪৫) আটক করে।

তিনি আরও জানান, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন ফোন করে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার জাহিদুল ইসলামকে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ডেকে নিয়ে আসেন।

সেখানে অটোভ্যান চালক জাহিদুল ইসলাম ওই ১৮ বস্তা চালের মালিক ওএমএস ‘ডিলার জাহিদুল ইসলামকে’ চিহ্নিত করলে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ভুট্টু মিয়াকে (৩০)তার বাড়ি থেকে আটক করা হয় বলে জানান তিনি।

আটকদের বিরুদ্ধে ‘তদন্ত’ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।