২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে ত্রাণ ‘না পেয়ে’ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ত্রাণে চাল না পেয়ে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে গ্রামবাসী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 07:21 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের সাইফুল ইসলামের বাড়ি ঘেড়াও করে এ বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাইফুল ওই উপজেলার কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, সাইফুল আওয়ামী লীগের পদ ভাঙ্গিয়ে এলাকায় ‘যা ইচ্ছে তাই’ করছেন। তাই এর প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী ‘লকডাউন ভেঙ্গে’ তার বাসা ঘেরাও করে বিক্ষোভ করেছে।

এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বলেন, “মহামারী দুর্যোগ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া একটি পরিবারও যেন সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, তা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ স্থানীয় চেয়ারম্যান বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ ভেদাভেদ করে শুধু আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজনকে নামমাত্র ত্রাণ দিয়ে ফটোসেশন করেছেন।”

বাকি সরকারি চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রবাদি অসহায় জনগণকে না দিয়ে সাইফুল আত্মসাত করছেন বলে এ আ্ওয়ামী লীগ নেতার অভিযোগ।

কৈজুরী ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আলম বলেন, “ইউনিয়নের জন্য বরাদ্দ চাল বার বার আত্মসাত করছেন সাইফুল। তাই মহামারী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সাধারণ জনগণ চেয়ারম্যানের বিরুদ্ধে ফুসে উঠেছে।”

কৈজুরী  গ্রামের তাঁত শ্রমিক শাহজাহান আলী বলেন, “আমি চেয়ারম্যানের পিছনে তিনদিন ঘুরে একটা ত্রাণের স্লিপ পেয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান ওই দিন কয়েকজনকে বিতরণের পর চাল দেওয়া বন্ধ করে দেন। যে কারণে আমি আর চাল পাইনি। ”

সেদিন স্লিপ নিয়ে আসা আরও ৪০/৫০ জনকে তিনি খালি হাতে ফিরে যেতে দেখেছেন বলে শাহজাহানের ভাষ্য।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, “ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান কায়েম উদ্দিন তার দলীয় লোকজন নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ তার সঙ্গে যোগ দিয়ে আমারকে বেকায়দার ফেলার চেষ্টা করছে।

“এখন পর্যন্ত যে ত্রাণ পেয়েছি তা ‘যথাযথ’ ভাবে বিতরণ করেছি। আগামীতে যা আসবে তাও একই নিয়মে বিতরণ করব।”