২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ত্রাণের দাবিতে বিক্ষোভ

রংপুরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।  

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 01:35 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

মঙ্গলবার সকাল ১০টার দিকে লালবাগ রেলগেটে শত শত মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। 

এ সময় ত্রাণের দাবিতে স্লোগান দিয়ে তারা বলেন- ‘আমরা কি না খেয়ে মরবো, আর কতদিন ঘরে থাকব। সবাই শুধু বারবার হাত ধুইতে বলে কেউ তো আমাদের খাবার দিচ্ছে না।’

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার প্রায় সবকিছু বন্ধ ঘোষণা করে সবাইকে ঘরে থাকতে বলেছে। এ অবস্থায় বেকার হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। কাজ না থাকায় বহু মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

লালবাগ রেলগেট এলাকা রহিম উদ্দিন বলেন, “আমি দুইদিন ধরে খেতে পারছি না। আমি রিকশা চালিয়ে সংসার চালাই। সরকার তো বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। এখন রোজগার নাই তাই ঘরে খাবার নাই।”

রেল গেট চুরিপট্টি এলাকার আজি রহমান মুন্সী বলেন, “কেউ তো খাবর দিচ্ছে না। গতকাল সকালে মানুষের কাছে চেয়ে পান্তা ভাত খেয়েছি। রাতে আর কিছু খায় নাই। তাই আমি সবার সঙ্গে রাস্তায় নেমেছি।”

রেলগেট বস্তির জহরা বেগম বলেন, “আগে মেসে কাজ করছি, এখন মেস বন্ধ কাজ নেই।

আমাকে কেউ কোন সাহায্য করে নাই। ঘরে যে টুকু খাবার ছিল তাও শেষ হয়ে গেছে। আজ সকাল থেকে কিছু খেতে পাই না।”

নুরবানু বেগম বলেন, “আমার স্বামী নাই। আমি কাজ করে সংসার চালাই। এখনতো কাজ বন্ধ আর কতদিন না খেয়ে থাকব। আমার একট মেয়ে  বাচ্চা আছে সকাল থেকে আমার বাচ্চা কিছু খায় নাই, আমি কি করব কার কাছে যাব।”

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাশাসক আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে লালবাগ এলাকার দুটি বস্তিতে ৬৪০ পরিবারের মাঝে দশ কেজি করে চাল দেওয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে।”

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে ছুটি ঘোষণা করে সরকার সবাইকে ঘরে থাকতে বলে এবং কর্মহীনদের খাবারের ব্যবস্থা করার আশ্বাস দেয়।