সামাজিক দূরত্ব বজায় রাখতে শ্রীমঙ্গলের বাজার খোলা মাঠে
সামাজিক দূরত্ব বজায় রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বাজার খেলার মাঠে স্থানান্তরিত করা হয়েছে।
আগের দিনের ঘোষাণা অনুযায়ী সোমবার সকালে শ্রীমঙ্গলের প্রধান বাজারের সকল সবজি বিক্রেতাকে ভানুগাছ রোডের রেলওয়ে মাঠে স্থানন্তরিত করা হয়।
এ ছাড়াও শ্রীমঙ্গল ভুনবীর বাবুর বাজার ও ভৈরব বাজার ও খোলা মাঠে স্থানান্তরিত করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “শ্রীমঙ্গল বাজারে নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার নির্দেশ দিলেও কেউ তা মানছিলেন না। আর জায়গাও ছোট, ফলে দূরত্ব বজায় রাখাও সাধারণ নাগরিকের কষ্টকর ছিল। তাই বাজারটি রেলওয়ের বিশাল মাঠে স্থানান্তরিত করা হয়েছে।”
জেলার সহাকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, শ্রীমঙ্গল উপজেলার প্রত্যেক ইউনিয়নের বাজার কমিটিকে তারা অনুরোধ করছেন ঘন বসতিপূর্ণ বাজারগুলো যেন তারা নিজ উদ্যোগে পাশবর্তী মাঠে বা ধানী জমিতে নিয়ে যান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়বিক্রয় করেন।
