২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে আক্রান্ত বেড়ে ১৬, দোহারে ১২ তাবলীগির নমুনা নিল

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আরো দুই রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এ উপজেলায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৬ জন। আর দোহারে তাবলীগ জামাতের ১২ জনের নমুনা নেওয়া হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 02:46 AM

Updated : 08 Apr 2022, 12:37 AM

শনিবার রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য জানিয়েছেন।

আক্রান্তরা হলেন- উপজেলার জিনজিরা এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী এক যুবক ও শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা ৫৩ বছর বয়সী এক পুরুষ।

স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে দশজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। আজ সন্ধ্যায় ওই যুবক ও রাত ৮টায় অপর ব্যক্তি সংক্রমিত হয়েছেন পরীক্ষার ফলাফল পেয়ে আমরা নিশ্চিত হয়েছি।

আক্রান্ত ওই যুবকের অবস্থা গুরুতর নয়। আমাদের তত্ত্বাবধানে তাকে তার বাড়িতে আইসলোশনে রাখা হয়েছে। অপর ব্যক্তির চিকিৎসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আক্রান্ত যুবকের স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তার পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আক্রান্ত অপর ব্যক্তির স্বজনদের বিষয়েও একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এ উপজেলায় গত রোববার থেকে শনিবার রাত ১১টা পর্যন্ত এক সপ্তাহে বিভিন্ন এলাকায় মোট ১৬জন আক্রান্ত হয়েছে জানিয়ে ডা. মোবারক বলেন, কেরানীগঞ্জে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। যারমধ্যে ওই দুই ইউনিয়ন রয়েছে।

আক্রান্তদের এলাকাগুলোয় বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখভাল করব আর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সব ধরণের সহযোগিতার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে বলে জানান ডা. মীর মোবারক হোসেন।

দোহায় চিল্লা থেকে ফেরা ১২ জনের নমুনা সংগ্রহ

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে ঢাকার দোহার উপজেলায় চিল্লা থেকে ফেরা তাবলীগ জামায়াতের ১২ সদস্যের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শনিবার রাত ৮টায় এ কথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান।

ওই বারো সদস্য উপজেলার কুসুমহাটি ও নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য কর্মকর্তা জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোহার উপজেলায় এখনও কেউ করোনাভাইরাসে সংক্রমিত হয়নি। নতুন করে কেউ যাতে আক্রান্ত না হয় সেজন্য আমরা সর্তক ও তৎপর রয়েছি।

“এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি ওই দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় বারোজন ব্যক্তি চিল্লা থেকে সদ্য তাদের গ্রামে ফিরেছেন। সংক্রমণের ঝুঁকি এড়াতে শনিবার দুপুরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরিক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে তাদের আপাতত একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”