ঠাকুরগাঁওয়ে নারায়ণগঞ্জ থেকে আসা ৩ জন আক্রান্ত
ঠাকুরগাঁওয়ে নারায়ণগঞ্জ থেকে আসা তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১৮ থেকে ২২ বছর বয়সী এই তিন তরুণের বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর ও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার শনিবার বিকালে জানান, সপ্তাহ খানেক আগে এই তিন তরুণ নারায়ণগঞ্জ থেকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসেন। খবর পেয়ে গত পরশু তাদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হলে তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের বাড়ির সব সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানান সিভিল সার্জন।
তিনি বলেন, আক্রান্ত তিন তরুণের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তারা এলাকার কোথায় কোথায় গিয়েছিলেন এবং কাদের সঙ্গে চলাফেরা করেছেন সেসব খোঁজখবর নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও জেলা অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে আলোচনা পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম।
তিনি বলেন, তবে আক্রান্ত তিনজনের বাড়িসহ তাদের গ্রাম দুটি ইতোমধ্যেই অবরুদ্ধ করা হয়েছে।
