টাঙ্গাইলে আক্রান্ত যুবককে কুয়েত-মৈত্রী হাসপাতালে প্রেরণ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত এক যুবককে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সংগ্রামপুরের ঘোনারদেউলি থেকে ওই ব্যক্তিকে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
অঞ্জন বলেন, “আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ২৪ বছরের ওই যুবক চলতি মাসের ৪ থেকে ৭ তারিখ পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় ওই হাসপাতালের চিকিৎসকেরা তার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখতে পেয়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় এবং তাকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পরমর্শ দেয়।
“কিন্তু এই যুবক সেখানে ভর্তি না হয়ে গ্রামের বাড়িতে চলে আসে এবং তিনদিন আগে সে জানতে পারে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজেটিভ এসেছে।তারপর থেকে সে তার মোবাইল নাম্বার বন্ধ করে দেয়। আইইডিসিআর থেকে এই বিষয়ে তাকে ম্যাসেজও দেওয়া হয়। পরে প্রযুক্তির সহায়তায় তাকে পুলিশের হেফাজতে নিয়ে ঢাকায় পাঠানো পাঠানো হয়।”
ইউএনও বলেন, ওই যুবক তার করোনাভাইরাসে আক্রান্তর হওয়ার খবর গোপন করে বিভিন্ন স্থানে গিয়েছে ও মানুষের সঙ্গে মেলামেশা করেছে। সে কারণে প্রাথমিকভাবে ওই গ্রামের ১২০টি পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে।
