২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফের চাল বিক্রির মামলায় পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পটুয়াখালীতে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বাজারে বিক্রির করার মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2020, 04:09 PM

Updated : 18 Aug 2022, 02:49 PM

গ্রেপ্তার মো. মনির রহমান মৃধা সদর উপজেলার কমলাপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান।

সোমবার দুপুরে পটুয়াখালী পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৩০ মার্চ রাত ১২টার দিকে সদর উপজেলার উত্তর ধরান্দি বাজার থেকে দশ বস্তা ভিজিএফের চালসহ জাকির ও সোহাগ নামে দুইজনকে আটক করে কলাগাছিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে এলাকাবাসী।

এ ঘটনায় মো. সেলিম সিকদার নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে পরদিন কমলাপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মো. মনিরসহ সাতজনের বিরুদ্ধে সদর থানায় ভিজিএফের চাল বিক্রির মামলা দায়ের করেন।

 মামলায় জাকির ও সোহাগকে আসামি করা হয়েছে। তারা কারাগারে রয়েছে বলে জানান এ  পুলিশ কর্মকর্তা। 

কলাগাছিয়া ফাড়ির ইনচার্জ ওসি মো. সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ মার্চ কমলাপুর ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়।

“কিন্তু ইউপি চেয়ারম্যান জেলেদের মাঝে চাল কম পরিমাণে দিয়ে গোপনে দশ বস্তা (৩৫০ কেজি) বশির সিকদারের বাড়িতে রাখেন। সেদিন রাত ১২টার দিকে বশির ওই দশ বস্তা চাল জাকির হোসেনের টমটমে করে উত্তর ধরান্দি বাজারে সোহাগের দোকানে সামনে নিয়ে যায়।
“এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা সোহাগ ও জকিরকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়।”