দামুড়হুদায় সড়কে এসআই নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য।
নিহত মিল্টন সরকার দামুড়হুদা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠি জেলার রানাপাশা গ্রামের সুবাশ চন্দ্রের ছেলে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ওদুদ শাহ্ কলেজের সামনে দুর্ঘটনায় মিল্টনের মৃত্যু ঘটে বলে দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক জানিয়েছেন।
তিনি বলেন, “রাতে ডিউটি অবস্থায় নিজ মোটর সাইকেলে টহলে বের হয় মিল্টন। এসময় দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখী একটি ট্রাক মিল্টনের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মিল্টল রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
ট্রাকটি পুলিশ আটক করতে পারেনি।
ওসি জানান, মিল্টন ২০১৩ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
