২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনের বাড়ির পথে নিহত ১০, বরের বাড়িতে মাতম

কনের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় শোকের মাতম চলছে কাতারে কর্মরত বর ইমন খানের নারায়ণগঞ্জের বাড়িতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 11:18 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

শুক্রবার কনেকে আংটি পরাতে এক গাড়িতে ইমন বাবা, ছোট ভাই ও স্বজন মিলে ১৩ জন সুনামগঞ্জে কনের বাড়িতে যাচ্ছিলেন। পথে সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁওয়ে ঢাকা-সিলেট মহাসড়কে গাছের সঙ্গে গাড়ি ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।

মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা মুসলিমপাড়ায় স্বজনরা কান্নায় ভেঙে পড়েছে। ইমনের মা মমতাজ বেগম বারবার বাকরুদ্ধ হয়ে  যাচ্ছেন।

সমবেদনা জানাতে নিহতদের বাড়িতে প্রতিবেশীসহ স্বজনরা ভিড় করেন।

নিহত ‘বহু বর’ ইমন খানের ছোট ভাই আব্দুল্লাহ জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী। তারা ফতুল্লার পাগলা মুসলিমপাড়ায় বাস করেন। তার বড় ভাই ইমন কাতারে ছিলেন। বিয়ে করার উদ্দেশে এক মাসের ছুটিতে দেশে আসেন তিনি।

“ইমনকে ধুমধাম করে বিয়ে দেওয়ার পরিকল্পনায় আয়োজন শুরু হয়। শুক্রবার কনেকে আংটি পরানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে ভাড়া করা একটি গাড়ি নিয়ে ইমনসহ ১৩ জন রওনা হন।”

“নয় নিহতের খবর পেয়ে শুক্রবার আমাদের বাড়ির লোকজন লাশ আনতে সুনামগঞ্জে রওনা হয়। আর শুক্রবার দুপুরে আরেকজনের মৃত্যুর সংবাদ পাই।

“একটি সড়ক দুর্ঘনায় ইমন ভাইয়ের বিয়ের উৎসবের পরিবর্তে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।”

এ ঘটনায় নিহতরা হলেন-নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা মুসলিমপাড়ার আশরাফ উদ্দিনের ছেলে আব্বাস উদ্দিন (৫৫), তার বড় ছেলে বর ইমন খান (২৫), ছোট ছেলে রাব্বি (২০), ইমনের মামাত ভাই আবুল হোসেনের ছেলে রাজিব (২৫), গিয়াস উদ্দিনের মেয়ে সুমনা আক্তার (৩৫), তার মেয়ে খাদিজা আক্তার (৪), ওই এলাকার তোতা খানের ছেলে ইমরান হোসেন (১৬), আব্দুল গনির ছেলে খলিলুর রহমান (২৫), হাজী মহসিন (৭০) ও মজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (২৫)।

এ ঘটনায় ইমনের মামা আবুল হোসেন (৫৫), মামাত ভাই রফিক (৪৫) ও গাড়ি চালক নাদিম (৩৬) আহত হয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, নিহতদের লাশ শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের স্বজনর এলে মরদেহ হস্তান্তর করা হবে।