২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাস্টিক বোতলের পরিণাম হবে ভয়াবহ: রাষ্ট্রপতি

প্লাস্টিক-পলিথিনে দূষণের পরিণতি সম্পর্কে সতর্ক করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার্থীদের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 08:32 PM

Updated : 18 Aug 2022, 02:28 PM

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমার্তন অনুষ্ঠানে বুধবার বিকেলে রাষ্ট্রপতি বলেন, “আশির দশকে আমরা বাজারে যাওয়ার সময় হাতে ঝুড়ি নিয়ে যেতাম। একটি শরিষার তেল আর একটি কোরোসিন তেলের বোতল নিয়ে যেতাম, যা দড়িতে ঝুলানো থাকত।

“এখন সবাই খালি হাতে বাজারে যায় আর পলিথিনে করে বাজার করে নিয়ে আসে। আধুনিকতার নামে খালি হাতে গিয়ে পলিথিনে বাজার করে নিয়ে আসছি। তা আবার যত্রতত্র ফেলে দিচ্ছি। পরিবেশের বিপর্যয় ঘটিয়ে দেশটাকে ধ্বংস করা হচ্ছে । এর পরিণাম হবে ভয়াবহ।”

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বলেন, “তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে জনগণকে বোঝাবে। তোমাদের এগুলো পরিহার করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে এগুলো পরিহার করে এ জন্য তোমাদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

“তোমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এ আন্দোলন তোমরা পটুয়াখালী থেকেই শুরু করবে।”

তিনি ফাস্ট ফুড ও বিভিন্ন পানীয়ের ক্ষতিকর দিক তুলে ধরে এগুলো বর্জন করার আহ্বান জানান।

গত বছর দেশের সব বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পটুয়াখালীর এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশে দ্বিতীয় স্থান অর্জন করায় আনন্দ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, “ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার গুণগত মানে এই বিশ্ববিদ্যালয় যেন শীর্ষে থাকতে পারে এই প্রত্যাশা রইল।”

সমাবর্তনে প্রায় তিন হাজার গ্র্যাজুয়েট অংশ নেন। তাদের মধ্যে ৬৩ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেন তিন।

এর আগে মঙ্গলবার বিকেলে স্স্ত্রীক হেলিকপ্টারে করে পটুয়াখালীর কুয়াকাটায় পৌঁছান রাষ্ট্রপতি। বিকেলে কুয়াকাটা সৈকতে সূর্যাস্ত দেখার পর পর্যটন মোটেল ইয়ুথ ইনে রাত্রিযাপন করেন। বুধবার বিকেল ৩টায় তিনি সমাবর্তনে যোগ দেন। অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি, এমিরেটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে ছিলেন।