চাঁদপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠানে হামলা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।
হামলায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন বলেন, “অনুষ্ঠান চলার সময় বেলা ১২টার দিকে যুবলীগের ব্যানারে একদল লোক মিছিল বের করে। একপর্যায়ে তারা অনুষ্ঠানস্থলে এসে মঞ্চের চেয়ার-টেবিল ও গাড়ি ভাংচুর করে।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী অভিযোগ করেছেন, হামলায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “ফরিদগঞ্জে এর আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। এটি ন্যক্কারজনক ঘটনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই।
এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন।
