আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২
ঢাকার সাভারের আশুলিয়ায় গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করছে পুলিশ।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, আশুলিয়ার পৃথক স্থান থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
এরা হলেন-আশুলিয়ার ডেণ্ডাবর এলাকার আব্দুল মালেকের ছেলে জিএম মিন্টু ওরফে ওয়েলকাম মিন্টু (৩০) ও আশুলিয়ার গাজীরচটের নালিজার মোড় এলাকার মো. সাইফুল (৩৩)।
“আশুলিয়া- ঢাকা রুটে চলাচলকারী ‘শতাব্দী পরিবহনের’ মালিক বৃহস্পতিবার সকালে এই দুইজনসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।”
শতাব্দী পরিবহনের মালিক মো. স্বপন লিখিত অভিযোগে উল্লেখ করেন, “আশুলিয়ার নবীনগর থেকে বাইপাইল হয়ে রাজধানীর মতিঝিল এলাকায় চলাচল করে তার পরিবহন।
“কিন্তু বেশ কিছুদিন ধরে পরিবহনটির চলাচলে মিন্টু ও তার লোকজন দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান পরিদর্শক জাবেদ জানান।
