গোপালগঞ্জে দুই দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকালে ও গভীর রাতে মোটরসাইকেল ও ট্রাক দুর্ঘটনায় এ দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদরের রঘুনাথপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে অমিত শেখ (২৫) ও বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের কামরুল শেখের ছেলে রাজন শেখ (২৫)।
সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস জানান, বুধবার বিকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন অমিত। পথে গোপালগঞ্জ-সিলনা সড়কের রঘুনাথপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন তিনি।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
অপর দুর্ঘটনাটি ঘটে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা এলাকায়।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, বুধবার রাত ২টার দিকে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে তা রাস্তার পার্শ্ববর্তী গাছে ধাক্কা দেয়। এতে চালক ঘটনাস্থলেই নিয়ত হন। বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে চালকের লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
