কীর্তিনাশা নদীতীরের মাটি `ইটভাটায়’, প্রশাসন ‘জানে না’
শরীয়তপুর সদরের আংগারিয়া ইউনিয়নের দাদপুর ও ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীর তীরের মাটি কেটে মাদারীপুরের ইটভাটায় বিক্রির অভিযোগ করেছেন স্থানীয়রা।
এতে এই নদীর তীরবর্তী গ্রামের বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, বেড়িবাঁধ ও রাস্তাসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ছে। নদীর তীরটাই বিলীন হয়ে যাচ্ছে।
তবে মাটি কাটার বিষয়টি শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার জানা নেই বলে জানান।
নদীর মাটি কাটার কারণে আগেও কয়েকজনকে জেল-জরিমানা করা হলেও কোনো মামলা হয়নি; এবারও এখনও কোনো মামলা হয়নি।
স্থানীয় আব্দুল জব্বার সরদার বলেন, জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম কীর্তিনাশা নদীর পাড়ের বেড়িবাঁধ ও রাস্তা।
“স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সেই রাস্তা ও নদীর তীরের মাটি ভ্যাকু মেশিন দিয়ে কেটে ট্রাক, ট্রলি, মাহেন্দ্র ও ট্রলারে করে ইটভাটায় বিক্রি করছেন।
“এতে দাদপুর ও উত্তর-দক্ষিণ-পশ্চিম ভাষানচর গ্রামের নদীর পাড়ের বসতবাড়ি, মসজিদ, মাদরাসা, বেড়িবাঁধ ও রাস্তা হুমকির মুখে পড়ছে।”
স্থানীয়রা বলেন, গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে কীর্তিনাশা নদীর পাড়ের মাটি কাটা শুরু করলে এলাকাবাসীর প্রতিবাদের মুখে প্রশাসন কয়েকজনকে আটক করে জেল জরিমানা করে। এ বছর আবার নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী মহলটি।
তারা জানান, ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ড পাইলিং করে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। স্থানীয় ভ্যান ও অটোরিকশা চালকরা নিজেদের উদ্যোগে ভেঙে যাওয়া রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করছেন।
নদীর মাটি কাটার কারণে আগেও কয়েকজনকে জেল-জরিমানা করা হলেও কোনো মামলা হয়নি; এবারও কোনো মামলা হয়নি বলে তারা জানান।
মাটি বহনকারী ট্রলার চালক শাহ আলম মৃধা বলেন, “ট্রলার মালিক ও মাটির ব্যবসায়ী মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর গ্রামের আক্তার বেপারী। তার নির্দেশে শ্রমিক নিয়ে প্রতিদিন আমরা ভোর ৪টা থেকে নদীর পাড়ে জমির মাটি কেটে মাদারীপুরের ইটভাটায় নিয়ে যাই।”
আক্তার বেপারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “স্থানীয় এমদাদ আকনের সহযোগিতায় জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে কেটে ট্রলারে করে মাদারীপুরের ইট ভাটায় বিক্রি করছেন।”
আর জমির মালিক পরিচয়ে আব্দুর ছাত্তার সরদার বলেন, “নদীর পাড়ের জমি আমাদের রেকর্ডীয় সম্পত্তি। জমি নদীতে ভেঙ্গে যাওয়ার ভয়ে মাটি কেটে বিক্রি করছি।”
মাটিকাটা শ্রমিকরা জানান, প্রতিদিন ভোররাতে নদীর পাড় থেকে মাটি কেটে ৮-১০টি ট্রলারযোগে মাদারীপুর কাজীর ভাটায় নিয়ে যান তারা। দিনের বেলায় মাটি কাটি না; রাতে কটেন।
তবে মাটি কাটার বিষয়টি জানেন না বলে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব রহমান শেখের দাবি।
তিনি বলেন, “গত বছর এ এলাকার নদীর পাড় থেকে ভ্যাকু দিয়ে মাটি কাটা শুরু করেছিল। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছিল।
“এবারও যদি কেউ রাতের আধারে নদীর পাড় থেকে মাটি কাটে তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
