সরকারি সুবিধার নামে টাকা আত্মসাতের অভিযোগ
সরকারি নানা সুবিধা পাইয়ে দেওয়ার নামে গোপালগঞ্জে কয়েকটি দরিদ্র পরিবারের প্রায় ৬ লাখ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই অভিযোগ করেন ফুকরা ইউনিয়নের ২২টি পরিবার।
অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ব্যবস্থা গ্রহণের জন্য ১৮ ডিসেম্বর দুপক্ষকে শুনানির জন্য ডেকেছেন।
অভিযোগে বলা হয়েছে, ফুকরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হান্নান শিকদার তার ওয়াডের্র অর্ধশত হতদরিদ্র ও বঞ্চিত পরিবারকে ভিজিডি কার্ড, বিধবা ভাভা, বয়স্ক ভাতা, সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার আশ্বাসে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু দিনের পর দিন ওই ইউপি সদস্যর কাছে ধরনা দিয়ে তারা কিছু পাননি। পরে তারা টাকা ফেরত চান।
এতে এই ইউপি সদস্য উল্টো তাদের ভয়ভীতি দেখান বলে তারা অভিযোগে উল্লেখ করেন।
৯ নম্বর ওর্য়াডের সাফলীডাংগা গ্রামের মো. কাইয়ুম ফকির বলেন, তাকে ঘর দেওয়ার কথা বলে হান্নান সিকদার ৮ হাজার টাকা নিয়েছেন।
একই গ্রামের মো. মকবুল হোসেন বলেন, গভীর নলকূপ দেওয়ার কথা বলে ওই ইউপি সদস্য তার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা নিয়েছেন।
হেনা বেগম বলেন, ঘর দেওয়ার কথা বলে হান্নান তার কাছ থেকে ১৪ হাজার টাকা নিয়েছেন।
মর্জিনা বেগম বলেন, “ভাতা দেওয়ার জন্য হান্নান সিকদার আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছেন।
মোহাম্মদ আলী বলেন, তার স্ত্রীর নামে ভিজিডি কার্ড দেওয়ার জন্য এক হাজার ৫শ টাকা নিয়েছেন।
এছাড়া মৃত্যুঞ্জয় বালার কাছ থেকে ভাতা দেওয়ার কথা বলে ২ হাজার ৫শ টাকা; মনিকা বালার কাছ থেকে ভাতা দেওয়ার কথা বলে এক হাজার ৭শ টাকা এবং খোকন মোল্যার কাছ থেকে ভাতা দেওয়ার কথা বলে তিন হাজার টাকা নিয়েছেন হান্নান।
এভাবে অর্ধশত দরিদ্র পরিবারের কাছ থেকে অন্তত ৬ লাখ টাকা আদায় করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগকারীদের ভাষ্য।
এ ব্যাপারে ইউপি সদস্য মো. হান্নান শিকদার বলেন, “আমি ঘরের জন্য এক অফিসে ৮১ হাজার টাকা দিয়েছিলাম। এ টাকা গচ্ছা গেছে। আমি এটি কাউকে বলতে পারছি না।
“এছাড়া ভিজিডি কার্ড, বিধবা ভাভা, বয়স্ক ভাতা ও গভীর নলকুপের টাকা আমি ফেরত দিয়ে দেব।”
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ বলেন, “অভিযোগ পাওয়ার পর ইউপি সদস্য মো. হান্নান শিকদার ও প্রতারণার শিকার পরিবারগুলোকে আগামী ১৮ ডিসেম্বর আমার কার্যলয়ে শুনানির জন্য নোটিশ দিয়েছি। দুপক্ষের কথা শুনে বিধি আনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।”
