২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় কাত্যায়নী পূজার বাদ্য

কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরা এখন উৎসবের শহরে পরিণত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2019, 02:39 PM

Updated : 10 Oct 2022, 09:34 PM

শনিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। প্রতিবারের মত এবারও দেশ-বিদেশের দর্শনার্থীর ভিড় জমতে শুরু করেছে মাগুরায়।

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডুর দাবি, “বিশ্বের একমাত্র মাগুরায় ব্যাপক আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।”

তিনি বলেন, এ পূজা দেখতে দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা আসেন। হিন্দু-মুসলমান সবাই এ পূজা উপলক্ষে উৎসবে মেতে ওঠে।

“এটা জেলার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।”

এবার প্রতিটি পূজামণ্ডপ সাজানো হয়েছে নানা পুরার্কীতির আদলে। প্রতিমা, ফটক, প্যান্ডেল ও আলোকসজ্জায় আনা হয়েছে ভিন্ন মাত্রা। এবছর  মাগুরা শহরে নয়টিসহ জেলায় ৮৯টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে জেলার পূজা কমিটি।

হিন্দু ধর্মমতে দেবী দুর্গার অনেক রূপ। তারই একটি রূপে কাত্যায়নী পূজায় দেবী পূজিত হয়ে আসছে।

এ প্রসঙ্গে মাগুরার নিতাই গৌর গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ চিমায়নন্দ মহারাজ বলেন, “দ্বাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণকে পাওয়ার জন্য গোপীরা যমুনা নদীর তীরে বালু দিয়ে প্রতিমা বানিয়ে প্রথম শ্রী শ্রী ক্যাত্যায়নী পূজা  করেন। এতে ভগবান শ্রী কৃষ্ণ খুশি হয়ে গোপীগণের মনোবাসনা পূর্ণ করেন।

“তারপর থেকেই মূলত কাত্যায়নী পূজার প্রচলন।”

মাগুরা জামরুলতলা পূজা কমিটির সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু জানান, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দুর্গা পূজা প্রধান ধর্মীয় উৎসব হলেও মাগুরায় কাত্যায়নী পূজার সময় বেশি ধুমধাম করে উৎসবে মাতে মানুষজন।

মাগুরায় এ ব্যতিক্রমের কারণ বলতে গিয়ে পংকজ বলেন, “মূলত বর্ষার শেষ দিকে ভাদ্র ও আশ্বিন মাসে ইলিশসহ অন্যান্য মছের ভরা মৌসুম। তাই ওই সময়টায় মাগুরা পারনান্দুয়ালীর এলাকার জেলেরা জাল ও নৌকা নিয়ে নদীতে মাছ ধরায় ব্যস্ত থাকে। কার্তিক মাসে মাছের মৌসুম শেষ হলে তারা বাড়িতে ফিরে আসেন।

তাই আশ্বিন মাসে দুর্গা পূজায় জেলেরা অংশ নিতে পারতেন না উল্লেখ করে তিনি জানান, জেলে সম্প্রদায়ের নেতা সতিশ মাঝি দুর্গা পূজার ঠিক এক মাস পর কার্তিক মাসে পারনান্দুয়ালী গ্রামে দুর্গা পূজার আদলে প্রতিমা তৈরি করে মহাধুমধামে কাত্যায়নী পূজা শুরু করেন।

“তারপর থেকে মাগুরা শহরসহ গোটা জেলায় এ পূজা ছড়িয়ে পড়ে।”

এবার পূজা দেখতে যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী-সন্তান নিয়ে মাগুরা এসেছেন ওহিদুর রহমান।

কাত্যায়নী উৎসব উপভোগ করার জন্য দুই-এক বছর পরপর দেশে আসেন বলে তারা জানালেন।

কাত্যায়নী পূজা উপভোগ করতে খুলনা থেকে তাপস বোস স্ত্রী ও কন্যাকে নিয়ে মাগুরায় এসেছেন।

তিনি জানান, প্রতি বছরই তিনি এ পূজা দেখতে মাগুরায় আসেন। তার এলাকা থেকে প্রতি রাতেই এ পূজা দেখতে কমপক্ষে ২০-২৫টি মাইক্রোবাস ও ৪-৫টি বাস ভরে দর্শনার্থী আসেন মাগুরা পূজা দেখতে।

এছাড়া ভারত থেকেও অনেকে এ পূজা দেখতে মাগুরা এসেছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরা উৎসবের শহরে পরিণত হয়।

“জেলা প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এ পূজা সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।”

বিগত বছরগুলোর মত এবারও শান্তিপুর্ণভাবে কাত্যায়নী পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পূজা কমিটির নেতা বিকাশ বিশ্বাস বলেন, অন্যবারের চেয়ে এবার নতুন-নতুন থিমের উপর পূজার আয়োজন করা হয়েছে। একটি পূজার পেছনে প্রতিমা, গেট, প্যান্ডেল ও লাইটিংর জন্য ‘প্রায় কোটি টাকা’ খরচ হয়েছে।