২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আহত যুবকের মৃত্যু ঢাকা মেডিকেলে

খুলনার দিঘলিয়া উপজেলায় ‘মোবাইল চুরি নিয়ে বিরোধের জেরে’ হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এক যুবকের মৃত্যু ঘটেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2019, 11:06 AM

Updated : 18 Aug 2022, 05:56 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার দুপুরে হায়বাত শেখ (৩০) নামে ওই যুবকের মৃত্যু হয় বলে দিঘলিয়া থানার ওসি মানস রঞ্জন দাস জানান।

নিহত হায়বাত উপজেলার গাজীরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামের সত্তার শেখের ছেলে।

হায়বাতের চাচাতো ভাই গাজীরহাট ইউনিয়র পরিষদের সদস্য ইরান শেখ বলেন, সোমবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে দিঘলিয়ার পদ্মবিল গ্রামের সরদার বাড়ি খালের পাড়ের রাস্তায় ১০-১২ জন দুর্বৃত্ত হায়বাতের উপর হামলা চালায়।

“তারা দেশীয় অস্ত্র দিয়ে হায়বাতের মাথায় ও পায়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। এ সময় এলাকাবাসী টের পেয়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে স্থানীয় আরিফ সরদারের ছেলে জসিম সরদারকে আটক করে।”

পরে হায়বাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ইরান।

তিনি আরও বলেন, গত ৬ সেপ্টেম্বর হায়বাতের চাচা টিপু সুলতান এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ হাতে খুন হন। ওই ঘটনায় তার ছেলে টিপুর ছেলে আলমগীর বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করে মামলা করেন।

মামলাটি হায়বাত তদারকি করার কারণে আসামিরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন ইরান। 

তবে দিঘলিয়া থানার ওসি মানস রঞ্জন দাস বলছেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

“হায়বাতের একটি মোবাইল চুরি হওয়ায় হামলাকারীদের একজনকে তিনি চোর অপবাদ দেওয়ায় তার ওপর হামলা করে তারা।”

তবে এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।