২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেদনের ‘৪ বছর পর’ মিলল পাসপোর্ট

আবেদনের প্রায় চার বছর পর পাসপোর্ট হাতে পেয়েছেন বলে যশোরের শফিকুল ইসলাম নামে এক তরুণ অভিযোগ করেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2019, 06:39 PM

Updated : 18 Aug 2022, 05:53 PM

জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পর তাকে ডেকে নিয়ে পাসপোর্ট দেওয়া হয়েছে।

শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ২০১৬ সালের ১৮ জানুয়ারি পাসপোর্টের জন্য আবেদন করেন।

“ওই বছর ১৪ ফেব্রুয়ারি আমাকে পাসপোর্ট দেওয়াও হয়। কিন্তু আবার তারা আমার কাছ থেকে তা ফিরিয়ে নেয়। তারা এর কোনো কারণ না জানিয়ে ২১ ফেব্রুয়ারি আবার আমাকে যেতে বলে। এরপর থেকে এ বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আমাকে শুধু দিন দেওয়া হয়েছে। পাসপোর্ট দেওয়া হয়নি। তারা এর কোনো কারণও বলেনি।”

এ অবস্থায় তিনি গত মাসের ২৮ সেপ্টেম্বর ঢাকায় পাসপোর্ট অফিসে অভিযোগ পাঠান জানিয়ে বলেন, “অভিযোগের অনুলিপি পাঠিয়েছিলাম খুলনা বিভাগীয় কমিশনার, যশোরের জেলা প্রশাসক ও যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচলকের কাছে।

“এরপর যশোর পাসপোর্ট অফিস থেকে খবর দেওয়া হয় পাসপোর্ট নেওয়ার জন্য। প্রায় চার বছর পর রোববার দুপুরে আমাকে পাসপোর্ট দেন যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সালাহউদ্দিন।”

এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, তিনি মাস ছয়েক আগে যশোরে এসেছেন।

“বিষয়টি জেনে খোঁজ নিয়ে দেখি শফিকুলের পাসপোর্ট মিসিং হয়েছে। পরে আমি নিজে উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করি। আগের কর্মকর্তারা কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তা আমি জানি না।”

তবে শফিকুলকে তার নতুন পাসপোর্ট দেওয়া হয়েছে নাকি আগের পাসপোর্ট খুঁজে দেওয়া হয়েছে তিনি তা খোলাসা করেননি।