সীমান্ত সম্মেলনে ভারতে বিজিবি
দুই দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০ সদস্যের প্রতিনিধি দল ভারত গেছে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি ভারতে যায়।
বিজিবির প্রতিনিধি দলটি বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টের শূন্যরেখায় পৌঁছালে কলকাতা ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক নিরোদ পাল তাদের ফুলের শুভেচ্ছা জানান।
সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলকাতায় ৪ থেকে ৬ অক্টোম্বর পর্যন্ত সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে করনীয় বিষয় বৈঠক হবে।
যশোর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জালাল গনি খানের নের্তৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- রংপুরের রিজিয়ন কমান্ডার বেনজিন আহম্মেদ, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, খুলনা সেক্টর কমান্ডার আরশাদুজ্জামান খান, স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল আহম্মেদ জুনায়েদ, লেফটেন্যান্ট কর্নেল রাহাদ নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরিফ আহম্মেদ ও পারুল দেওয়ান, স্টাফ অফিসার মেজর নাজিম উদ্দীন ও মেজর মফিজুর রহমান।
প্রতিনিধি দলটি ৬ অক্টোম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশ ফিরবেন বলে জানান সেলিম রহমান।
