২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন 

ঝালকাঠিতে দুই বছর আগে পরকীয়া প্রেমের জেরে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2019, 02:22 PM

Updated : 08 Apr 2022, 04:47 PM

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গাজী রহমান রোববার এ রায় ঘোষণা করেন।  

দণ্ডিত আলো খান ওরফে আলম খান কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেররি গ্রামের জেলেম খানের ছেলে।

এছাড়া এ মামলায় আলোর কথিত প্রেমিকা পাখি বেগমকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার বাড়িও একই এলাকায়।         

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।      

মামলার বিবরণে বলা হয়, হত্যাকাণ্ডের ২২ বছর আগে আলো ও বিউটির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে কোনো দ্বন্দ্ব না থাকলেও পরে আলো একই গ্রামের স্বামী পরিত্যক্তা বিউটি বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

এর জেরে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি আলো তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পাশের জঙ্গলে লাশ ফেলে রাখেন।এ ঘটনায় পাখি তাকে সহযোগীতা করেন। 

পরে আলম ও পাখিকে আসামি করে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নিহতের ছোট ভাই ফোরকান সিকদার কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে একই বছরের ১০ অক্টোবর কাঁঠালিয়া থানার তৎকালীন এসআই ইউনুস মিয়া আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।