২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা উৎপাদনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

সরকারি উদ্যোগ ও অনুকূল আবহাওয়ার কারণে বিশ্বে চা উৎপাদনের হারে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।

বিকুল চক্রবর্তী

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 05:31 PM

Updated : 10 Oct 2022, 09:26 PM

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. কে এম রফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের চেয়ে এ বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশে ২৮ দশমিক ৫৪ শতাংশ বেশি চা উৎপাদন হয়েছে।

চলিত মাসে গ্লোবাল টি ব্রোকার্স প্রকাশিত বিশ্ব চা উৎপাদনের এ তথ্য তুলে ধরে তিনি বলেন, “যার ধারে কাছেও নেই বিশ্বের চায়ের উৎপাদন বৃদ্ধির হার।”

শুধু দেশে নয় গত জুলাই পর্যন্ত বিশ্বের চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার উপরে উল্লেখ করে তিনি জানান, চা উৎপাদন বৃদ্ধি হারে বাংলাদেশের পর বৃদ্ধির হার  ৫.৭৬% নিয়ে অবস্থান ভারত।

এ উৎপাদনের ধারা ধরে রাখতে পারলে এ বছর লক্ষ্যমাত্রা ৯০ মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ড. রফিকুল।

তিনি বলেন, “এ বছর বাংলাদেশের এই রেকর্ড উৎপাদন বিশ্বের চা উৎপাদনকারী দেশগুলোকে তাক লাগিয়েছে।

“এ বছর আনুপাতিক হারে বিশ্বের অন্যান্য দেশে চায়ের উৎপাদন কমেছে কিন্তু বাংলাদেশে এর উৎপাদন আশার সঞ্চার জাগিয়েছে।”

বেশি চা উৎপাদনের দেশ শ্রীলংকা জুলাই পর্যন্ত গত বছরের তুলনায় বেড়েছে মাত্র শূন্য দশমিক ৯৫ শতাংশ আর কেনিয়ায়  কমেছে আট দশমিক ৩৮ শতাংশ বলে জানান।

শুধু উৎপাদন বৃদ্ধি নয় এ বছর চায়ের গুণগত মানও ভালো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ  আলী।

মৌসুমের শুরু থেকে চায়ের উপযোগী বৃষ্টিপাত, পরযাপ্ত সূর্যের আলো, অনুকূল আবহাওয়া ও বাংলাদেশ চা বোর্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে চায়ের উৎপাদন বেড়েছে বলে মনে করছেন সিলেটের চা ব্যবসায়ী এম আর খান ও কেরামত নগর ও নন্দরাণী চা বাগানের মালিক সিরাজুল ইসলাম চৌধুরী।

এ বছর ‘উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টির সম্ভাবনাও রয়েছে’ বলে মনে করছেন তারা।

মৌলভীবাজারের ৯২টি চা বাগানে এসব চায়ের দুই তৃতীয়াংশ উৎপাদন হয় উল্লেখ করে বাংলাদেশ চা সংসদ সিলেট অঞ্চলের ব্রাঞ্চ চেয়ারম্যান জি এম শিবলী বলেন, অনুকূল আবহাওয়া না থাকাসহ নানা জঠিলতায় এর আগের দুই বছর ধরে চায়ের উৎপাদন হ্রাস পেয়েছিল।

“পূরণ হয়নি লক্ষমাত্রাও।”

সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষ ও চা বোর্ডের নানামুখী পদক্ষেপের কারণে চলতি বছর উৎপাদন বাড়তে থাকে বলে তিনিও জানান।

“অনুকূল আবহাওয়া বজিয়ে থাকলে এ বছর ডিসেম্বরে ৯০ মিলিয়ন কেজির লক্ষমাত্রাও ক্রস করবে।”

গত বছরের তুলনায় অগাস্ট পর্যন্ত ২৩ ভাগ চা বেশি উৎপাদন হওয়ার কথা উল্লেখ করে

চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক রফিকুল হক বলেন, “সেপ্টেম্বরের পর তা কমে আসবে।

এ বছর উৎপাদনের ধারা অব্যাহত থাকার পেছনে অনুকূল আবহাওয়ার পাশাপাশি প্রকল্প উন্নয়ন ইউনিট কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ, প্রত্যেক চা বাগানের পরিত্যাক্ত জমিকে চা চাষের আওয়াতায় আনা, পঞ্চগড় ও লালমনিরহাটে ক্ষুদ্রায়তন চা চাষ বাড়ানো, চায়ের রোগবালাই দমনে চা গবেষণা কেন্দ্রের সঠিক পরামর্শ প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ড ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।

উৎপাদিত এ চায়ের নিলাম এখন সরাসরি শ্রীমঙ্গলে হওয়ায় চায়ের গুণগত মান নষ্ট হচ্ছে না উল্লেখ করে বাংলাদেশ টি ট্রেডাস এন্ড প্ল্যান্টারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরফদার বলেন, “গুণগত মান ঠিক রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখা গেলে ভবিষ্যতে বাংলাদেশে চায়ে আসবে স্বর্ণযুগ।”